কৃষিকে আমরা আধুনিক করতে চাই:  প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১২:৫৮:৪৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করতে চাই, আধুনিক করতে চাই। ছেলে-মেয়েরা অনেকে লেখাপড়া করে কৃষক হতে চায়। আজকে মিঠাপানির মাছ তৃতীয় স্থান অধিকার করে আছে। সেই সঙ্গে মাছ ব্যাঙ, কাঁকড়া, কুঁচেসহ বিভিন্ন জলজপ্রাণী রফতানির সুযোগ আছে। শিল্পায়ন এখন আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে।

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার (৩১ মার্চ) জাতীয় শিল্পমেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটি-পানি সবকিছুই ব্যবহার করা যায়। আমাদের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। আমাদের দেশে শিল্প রয়েছে, ক্ষুদ্র-মাঝারি শিল্পের অনেক বিকাশ হয়েছে। কিন্তু বৃহৎ শিল্প-কারখানা গড়ে ওঠেনি। তাই বৃহৎ শিল্প-কারখানা গড়ে তোলা যায় সে জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বেশি বেশি শিল্প-কারখানা গড়ে উঠুক। তবে কৃষি জমি নষ্ট করে এখানে-সেখানে শিল্প গড়ে উঠুক আমি তা চাই না। কৃষির দরকার আছে, কারণ কৃষির মাধ্যমে খাদ্যের চাহিদা মেটাতে হবে। আবার আমরা শিল্পায়নও চাই। কারণ শিল্পায়ন ছাড়া কোনো দেশ উঠে দাঁড়াতে পারে না।’