ফোর্বসের এশীয় উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০২ ১৮:১৩:০৫


প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর ২০১৯ সালের ৩০০ জন অনূর্ধ্ব-৩০ এশীয় উদ্যোক্তার তালিকায় জায়গা করে নিয়েছেন দুই উদীয়মান ও সফল বাংলাদেশি তরুণ উদ্যোক্তা। এদের একজন বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস এবং অন্যজন ‘মোরশেদ মিশু’জ ইলাস্ট্রেশন’র প্রতিষ্ঠাতা কার্টুনিস্ট মোরশেদ মিশু।

টানা চতুর্থবারের মতো এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশ এবং অঞ্চল থেকে দুই হাজার নামের মধ্য থেকে ১০টি শিল্পখাতে ভাগ করে এই তরুণ উদ্যোক্তা ও উঠতি তারকাদের বাছাই করা হয়েছে। এবারের তালিকায় সবচেয়ে বেশি স্থান দখল করে আছে চীনের উদ্যোক্তারা (৬১ জন), এরপরেই রয়েছে ভারত (৫৯ জন)।  প্রথমবারের মতো এবারের তালিকায় স্থান পেয়েছেন মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং লাওসের প্রতিনিধিরাও।

হুসেইন ইলিয়াস

হুসেইন ইলিয়াস এবং শিফাত আদনান মিলে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও। প্রথমে মোটরবাইক দিয়ে শুরু করে একে একে এটি পার্সেল সার্ভিস, কার রাইড, অন-ডিমান্ড লজিস্টিকস এবং ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে ছড়িয়ে দিতে থাকে।

বর্তমানে পাঠাওয়ের শুধু মোটরবাইক আর কার রাইড শেয়ারিং সার্ভিস বাংলাদেশের ৫টি শহর ও নেপালের কাঠমান্ডুতে অর্ধকোটি যাত্রীকে সেবা দিচ্ছে।

পাঠাও এ পর্যন্ত চার রাউন্ডে ১ কোটি ২৮ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল পেয়েছে। কোম্পানিটির মূল্য বর্তমানে ১০ কোটি ডলারেরও বেশি।

মোরশেদ মিশু

২০১৮ সালের শুরুর দিকে কার্টুনিস্ট মোরশেদ মিশু বিশ্বজুড়ে চলমান ভয়াবহ বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন বা ব্যঙ্গচিত্র তৈরি করতে শুরু করেন। যুদ্ধের মর্মান্তিক ও যন্ত্রণাকর ছবিগুলো তার কলমের প্রতিভায় রূপ নিতে থাকে হাসি-আনন্দ ভরা শিল্পকর্মে। মিশুর আশা ছিল এসব কার্টুনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা, যুদ্ধের নির্মমতা না থাকলে পৃথিবীটা কত সুন্দর হতো।

মিশুর আঁকা এসব কার্টুন ভাইরাল হয়ে যাওয়ার পর ‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ নামক তার এমনই একটি প্রজেক্ট পুরস্কার পায় এবং তারপরই বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীর জন্য কার্টুন আঁকতে শুরু করেন তিনি।

তারই ধারাবাহিকতায় মোরশেদ মিশু ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় ‘মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং’ শাখায় স্থান পেয়েছেন।

বর্তমানে নিজস্ব প্রতিষ্ঠান মোরশেদ মিশু ইলাস্ট্রেশন চালানোর পাশাপাশি দেশের জনপ্রিয় স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন মিশু।