৩ বছর সময় লাগবে পুঁজিবাজার উন্নয়নশীল হতে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৪-০৪ ১৪:৪০:৩৪
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, উন্নয়নশীল পুঁজিবাজার গড়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবই আমাদের পুঁজিবাজারে রয়েছে।এই সবকিছুকে কাজে লাগিয়ে আগামী ৩ বছরের মধ্যে একটি উন্নয়নশীল পুঁজিবাজার আমরা দেখতে পাবো।
বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শেয়ারবাজার নিয়ে আয়োজিত তিন দিনের ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। চতুর্থ বারের মতো এ ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করেছে অর্থসূচক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
খায়রুল হোসেন আরও বলেন, ২০১০-১১ সালের পরে পুঁজিবাজারের উন্নয়নে নানা ধরনের সংস্কার করা হয়েছে। যাতে বিগত ৮ বছরে পুঁজিবাজারে অস্থিতিশীলতা তৈরী হয়নি। স্বাভাবিক উত্থান-পতন হয়েছে। যে বাজার আগের চেয়ে এখন অনেক বেশি স্থিতিশীল বাজার।
তিনি বলেন, পুঁজিবাজার এখন সমৃদ্ধ ভিত্তির উপরে দাড়িঁয়েছে। যেখানে বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এ বাজারে বিনিয়োগকারীরা লাভ-লোকসান করবে, তবে প্রতারিত হবে না। যা প্রতিরোধে কমিশন বিভিন্ন আইন-কানুন করেছে।
পুঁজিবাজারের গভীরতা বাড়ানোর লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এলক্ষ্যে বন্ড মার্কেটকে সেকেন্ডারিতে আনার কাজ শুরু করা হয়েছে। এছাড়া বিভিন্ন ফিক্সড ইনকাম সিকিউরিটিজ পুঁজিবাজারে আনা হবে। আর আগামি বাজাটের আগেই স্মল ক্যাপিটাল মার্কেট উদ্বোধন করা হবে বলে যোগ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইশতেহারে পুঁজিবাজারে গভীরতা বাড়ানোর কথা বলেছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরী করার কথা বলেছেন। কারন এখন কান কথায়ও পুঁজিবাজারে পতন হয়। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরীর মাধ্যমে তা রোধ হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার সৃষ্টিকারীর ভূমিকার মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করবে। মধ্যম ও নিম্ন উদ্যোক্তাদের ভিত্তিতে বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী বলেছেন বলে জানিয়েছেন খায়রুল হোসেন। এর মাধ্যমে কর্মসংস্থান হবে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য টেক্স আইডেনটিফিকেশন নাম্বার (টিন) বাধ্যতামূলক করা হয়নি। এটি করার আগে কমিশনে মতামত নেবে। তাই বিষয়টি নিয়ে গুজব না ছাড়ানোর জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করেছেন।
তথ্য গ্যাপের কারনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। তাই সবাইকে সবার আগে তথ্যের সত্যতা যাছাই করে নেওয়ার অনুরোধ করেছেন।
সম্মনীত অতিথি ছিলেন ডিবিএ সভাপতি শাকিল রিজভী, বিএমবিএ সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও ভিসিপিইএবির সভাপতি শামীম আহসান।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













