যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-০৬ ১২:১৮:৪৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শুক্রবার রাত তিনটার দিকে দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী বরকত (ঢাকা মেট্রো-ব ১১-৭৬৯০) পরিবহনের একটি বাস ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার উত্তর তাজপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে রিয়াজ উদ্দীন (২০), টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বল্লা গ্রামের মৃত ভোলা নাথ সাহার ছেলে শ্রী বিকাস চন্দ্র সাহা (৪৮), টাঙ্গাইল সদরের বেতকা গ্রামের ভূবন সরকারের ছেলে সুনিল কুমার সরকার (৫০), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দোয়ানা গ্রামের সোবহান আলীর ছেলে বিদ্যুৎ (৩২) ও একই জেলার পাটগ্রাম উপজেলার বোতার ছাতা গ্রামের মহসীন আলীর ছেলে মাহবুল ইসলাম (২২)।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতাল ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ রতন চন্দ্র শর্মা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হরয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি আখতারুজ্জামান বলেন, চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটি উল্টে গিয়ে দ্বি-খণ্ডিত হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













