দিশেহারা বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১০ ১৬:১৯:২৩
টানা ৪ দিন পতনের মধ্যেই আটকে আছে পুঁজিবাজার। এতে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বুধবারও ডিএসই প্রধান মূল্য সূচক ৫৭ পয়েন্ট কমেছে। অর্থাৎ গত ৪ দিনে ডিএসই সূচক ২০০ পয়েন্ট নিচে নেমে গেছে। ধারাবাহিক পতনের প্রতিবাদে বুধবারও সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছে।
তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন।
বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাজার স্থিতিশীলতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এসময় পুঁজিবাজারের তারল্য সংকট সামাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
যেসব শেয়ারের দর ইস্যু মূল্যের নিচে নেমে গেছে; সেগুলো অনতিবিলম্বে বাইব্যাক করার জোর দাবিও জানানো হয়। প্রথমে বিক্ষোভকারী ডিএসই সামনে অবস্থান করলেও পরে তারা মতিঝিলের শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, অর্থমন্ত্রী বলেছেন এই বাজার কতো নামতে সেটা উনি দেখতে চান। কিন্তু বাজারে আমাদের ইনভেস্ট কমতে কমতে একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আশা একটাই পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে। তবে পরিস্থিতি এতোটাই ভয়াবহ হয়েছে যে, আবার সব হারানোর উপক্রম হয়েছে। আমরা এর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













