জেড ক্যাটাগরি নিয়ে বিএসইসির কমিটি গঠন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-১১ ১৬:৫৮:৩১


পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে ১ বছর বা এর বেশি সময় ধরে অবস্থানরত কোম্পানিগুলোর বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার বিএসইসির ৬৮২তম সভায় এ কমিটি গঠন করা হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কমিটি ‘জেড’ ক্যাটাগরি নিয়ে ২০০২ সালে জারিকৃত নোটিফিকেশন এর উপর আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে। এ কমিটির আহবায়ক করা হয়েছে বিএসইসির পরিচালক মো: মনসুর রহমানকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মো: নজরুল ইসলামকে এবং সদস্য করা হয়েছে সংস্থাটির উপ-পরিচালক শেখ মো: লুৎফুল কবিরকে।

২০০২ সালের নোটিফিকেশন অনুযায়ি, ১ বছর বা এর বেশি সময় ধরে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারন সভার (ইজিএম) মাধ্যমে পূণর্গঠিত করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বিষয়টি আইনে থাকলেও বাস্তবে নিস্ক্রিয় রয়েছে।

সান বিডি/এসকেএস