চট্টগ্রামে প্রকাশ্যে ধূমপান করতে দেওয়া হবে না: মেয়র

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৬ ১১:০০:৫৭


চট্টগ্রাম শহরের জনসমাগমস্থলে ধূমপায়ীদের আর প্রকাশ্যে ধূমপান করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘নির্দিষ্ট জায়গা ছাড়া চট্টগ্রাম শহরের কোথাও প্রকাশ্যে ধূমপান করা যাবে না।  আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটা বাস্তবায়ন করব।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘সবার অংশগ্রহণে নিশ্চিত হোক তামাকমুক্ত চট্টগ্রাম নগরী’ শীর্ষক সাংস্কৃতিক প্রচারভিযানের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন। উদ্যোগটি বাস্তবায়িত হলে নগরে ধূমপানে আগ্রহীর সংখ্যা কমে যাবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র ঘোষণা দেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে কোনো ধরণের পান-সিগারেটের দোকান থাকবে না। সিটি করপোরেশন পরিচালিত স্কুল-কলেজের ১০০ গজের মধ্যে সব পান-সিগারেটের দোকান বন্ধ করে দেওয়া হবে। এ শহর থেকে আমি বিলবোর্ড উচ্ছেদ করেছি। এটাও পারব।’

অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, কিশোর-তরুণদের নিরাপদ রাখতে পারলে জাতি এই অভিশাপ থেকে রক্ষা পাবে। প্রতিটি অফিস ধূমপানমুক্ত রাখতে হবে। টাকার বিনিময়ে ধূমপান করার জন্য নগরীর বিভিন্ন স্থানে ‘স্মোকিং জোন’ করা যেতে পারে।

বেসরকারি সংস্থা বিটা, ক্যাব ও ইলমার যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’। বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত বলেন, ‘আইনে আছে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ গজের মধ্যে কোনো তামাক বিক্রয় কেন্দ্র থাকবে না। আশা করি, তিন মাসের মধ্যে এটা বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্লুমবার্গ ইনিশিয়েটিভ অনুসারে বিশ্বের যে ২০টি শহরে তামাক মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে চট্টগ্রাম একটি। অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের তামাক বিক্রয় কেন্দ্রে তামাকের বিজ্ঞাপন, প্রণোদনা ও প্রদর্শনী অবস্থা নিরূপণ শীর্ষক গবেষণার ফল উপস্থাপন করেন বিটার টিম লিডার প্রদীপ আচার্য। বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কাউন্সিলর আবিদা আজাদ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. শরিফুল আলম ও ক্যাব চট্টগ্রামের সভাপতি নাজের হোসাইন।