পুলিশের র্শীষ কর্মকর্তারা নুসরাত হত্যার তদন্তে ফেনী যাচ্ছেন

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৭ ১১:৪০:৫০


ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশের র্শীষ কর্মকর্তারা ফেনী যাচ্ছেন।

আজ বুধবার (১৭ এপ্রিল) পুলিশ সদর দফতরের পাঁচ সদস্যের একটি তদন্ত দল ফেনী যাবে। তদন্ত কমিটির প্রধান ডিআইজি রুহুল আমীনের নেতৃত্বে একজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক এ তদন্ত দলে রয়েছেন। ফেনী জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নেওয়ার তিন দিন পর পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার প্রাথমিক তদন্তের বিষয়গুলো উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে সোনাগাজীর ওসিসহ স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বর্তমান কমিটিও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ প্রশাসনের কোনও ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে। তদন্ত শেষে আইজিপি ড. জাবেদ পাটোয়ারীর নির্দেশে গঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন পেশ করবেন বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে।