একগুচ্ছ প্রস্তাব নিয়ে বিএসইসিতে যাচ্ছে ডিএসই
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৪-১৮ ১২:১৬:০৩
পুঁজিবাজার ক্রান্তিকাল অতিক্রম করছে। টানা কয়েক মাস ধরে সূচকের পাশাপাশি কমছে লেনদেন। এতে প্রতিদিনই পুঁজি হারাচ্ছে বিনিয়োগকারীরা। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর বিএসইসি, ডিএসই, সিএসইসহ স্টেক হোল্ডাররা।
বাজার পরিস্থিতির বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য আজ বৃহস্পতিবার একগুচ্ছ প্রস্তাব নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদ।
বেলা সাড়ে ৩টায় ডিএসইর চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের সদস্যরা বিএসইসির চেয়ারম্যানের সাথে দেখা করে এ প্রস্তাব জমা করবে বলে ডিএসইর বিশ্বস্ত সূত্র সানবিডিকে জানিয়েছে।
শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে আইপিও প্রক্রিয়ায় সংস্কার ও সঠিক দর নির্ধারনে বুক বিল্ডিং সংশোধনীর বিষয়ে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পর্ষদ। এরমধ্যে বিশেষভাবে ভারসাম্য রাখার জন্য প্রাইভেট প্লেসমেন্টে কম ও আইপিওতে বেশি শেয়ার ইস্যুর প্রস্তাবনা করবে ডিএসই। এছাড়া প্লেসমেন্ট শেয়ারে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু থেকে ১ বছর লক-ইন (বিক্রয় অযোগ্য) রাখার প্রস্তাব করবে স্টক এক্সচেঞ্জটি। পাশাপাশি উদ্যোক্তা/পরিচালকদের লক-ইন শেয়ারে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) দ্ধারা বিশেষভাবে নজড়দারি রাখার জন্য বিএসইসিতে প্রস্তাব দেওয়া হবে।
প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো-নিটিং সুবিধা চালু করা, ব্রোকার হাউজের সার্ভিস বুথ চালু, সারাদেশে হাউজগুলোর শাখা খোলা, গ্রামীনফোনের উপর এনবিআর এর আরোপিত কর জটিলতার সমাধান, ১০০ জনের মধ্যে প্লেসমেন্টে শেয়ার ইস্যু নিশ্চিত করা ইত্যাদি।
এর আগে ৯ এপ্রিল চলমান বাজারের মন্দাবস্থা দূরীকরণে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে লিখিত প্রস্তাব চান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। যেগুলো নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছিলেন তিনি।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













