নুসরাত হত্যাকারীদের বিচার সরকারের অগ্নিপরীক্ষা: টিআইবি

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৪-২১ ১৪:৩০:০১


ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের বিচার সরকারের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান । সরকার যদি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, সত্যিকার অর্থে প্রমাণ করতে চায় বাংলাদেশ আইনের শাসনের দেশ।

রোববার(২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) প্রাঙ্গণে ‘নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ব্যানারে টিআইবি আয়োজিত এক মানববন্ধনে একথা বলেন তিনি।

এসময় ইফতেখারুজ্জামান বলেন, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করে একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যে তারা আইনের শাসনে বিশ্বাসী। যদি এটি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে এদেশের মানুষ সরকার ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবেন। সত্যিকার অর্থে যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে তাদের প্রতি কোনো প্রকার আস্থা থাকবে না। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো এ ঘটনাকে একটি এসিড টেস্ট হিসেবে নেয়ার জন্য। কোনো প্রকার ভয় ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে যারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, নুসরাতের সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে, তাকে যেভাবে প্রাণ দিতে হয়েছে, সেটি স্বাধীন বাংলাদেশের ৪৮তম বছরে এসে আমরা কখনও এটি স্বপ্নের মধ্যেও ভাবতে পারিনি। ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে যে, যারা নুসরাতকে হত্যা করেছে শুধু তারা এর জন্য দায়ী নয়। এর সঙ্গে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সবাই জড়িত, এক ধরনের সিন্ডিকেট। আমরা দাবি করছি, যারা নুসরাতের হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।