অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৪-২৮ ১৫:৩৪:৪৫


বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে বিনিয়োগকারীদের নিয়ে ‘সিংহ ও ছাগল’ গ্রুপ বলে অপমানজনক কথা বলায় অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন। অর্থমন্ত্রীর এরূপ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

রোববার দুপুরে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে পুঁজিবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী যে ধরনের কথা বার্তা বলেছেন তা পাগলের প্রলাপের ন্যায়। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। সেখানে অর্থমন্ত্রী হয়ে তিনি কিভাবে পুঁজিবাজারকে “সিংহ-ছাগলের” খেলা বলেন! এখানে তিনি কি বুঝিয়েছেন?

পুঁজিবাজারের অব্যাহত দর পতনের প্রতিবাদে এক মাস ধরে মানববন্ধন এবং বিক্ষোভ করে আসছে সাধারন বিনিয়োগকারীরা।

এরপরেও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা থেকে কোন ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়াতে সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে প্রতিকী গণঅনশনের ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীরা।

সোমবারের গণঅনশণ কর্মসূচিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি সাংসদ রাশেদ খান মেনন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ।

সান বিডি/এসকেএস