সন্ত্রাসীদের গুলি থেকে ভাইকে বাঁচাতে গিয়ে বোন নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৫-১২ ১১:৪৮:০৩


সন্ত্রাসীদের তাক করা বন্দুকের গুলি থেকে ভা্ইকে বাঁচাকে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক নারী। শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকার মদিনা মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।

নিহত নারীর নাম বুবলী আক্তার (২৮)। তিনি বিবাহিতা। তার স্বামীর নাম আকরাম হোসেন।

এ ব্যাপারে অতিরিক্ত উপ-কমিশনার আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, বুবলী কয়েক দিন আগে বাবার বাড়ি বজ্রঘোনার এই বাসায় বেড়াতে আসেন। শাহ আলম নামে এলাকার এক সন্ত্রাসীর সঙ্গে হাছান নামে তাদের এক আত্মীয়ের বিরোধ চলছিল। সেই সূত্র ধরে শাহ আলম রাতে হাছানকে খুঁজতে বুবলীদের বাসায় আসে। তাকে না পেয়ে সে বুবলীর ভাই রুবেলের দিকে বন্দুক তাক করে। এ সময় বুবলী তাকে আটকাতে গেলে গুলিবর্ষণ করে শাহ আলম।”

তিনি জানান, বুকে গুলিবিদ্ধ বুবলীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।