ডিএসইতে  ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০৫-১৪ ১৫:৫৪:০৩


প্রতিদিনই কমছে সূচক এবং তার সাথে পাল্লা দিয়ে কমে চলেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ধারাবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সুত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ১ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে ।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা। যা  ১ বছর ১ মাস ১৯ দিন মধ্যে এটি সর্বনিম্ম রেকর্ড। এর আগে ২০১৮ সালের ১৪ মার্চ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আজকের চেয়েও কম ছিল। ওই দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২২৪ কোটি টাকা।

ডিএসই সূত্রে  জানা গেছে,

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮২৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

মঙ্গলবার ডিএসইতে মোট ২৫১ কোটি ৩৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩০৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

বাজারটিতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে যমুনা ব্যাংক এবং ৮ কোটি ৫৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু সিরামিক, পাওয়ার গ্রীড, গ্রামীণফোন, লিগাসি ফুটওয়্যার, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং এস্কয়ার নিট কম্পোজিট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির । আজ ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সানবিডি/ এমএফইউ