এনসিসি ব্যাংক এর উদ্যেগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরীব রোগীদের সহায়তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-০৭ ১৭:৩০:১২


এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত গরীব রোগীদের চিকিৎসায় এগিয়ে এসেছে। সহায়তা কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু সনাক্তকরণ কিট, মশারী, স্যালাইন ও ঔষধপত্র, ম্যাট্রেস ও স্যালাইন স্ট্যান্ড বিতরণ।

এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম গত মঙ্গলবার (০৬/০৮/২০১৯ ইং) ব্যাংকের প্রধান কার্যালয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, দি বারাকা জেনারেল হসপিটাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনিসটিটিউট, ফেনী এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের হাতে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী এবং কোম্পানী সচিব মোঃ মনিরুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক এর চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম এই মহতী উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংক শুধু মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করেনা বরং সামাজিক দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে বর্তমানে জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যু ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন, এনসিসি ব্যাংকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।