বিডার নির্বাহী চেয়ারম্যান হলেন মোঃ সিরাজুল ইসলাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-০৪ ১৯:২২:৪৫
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এর নতুন নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তাঁর কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর, ২০১৯ ইং) রাজধানীর আগাঁরগাওয়ে বিডা কার্যালয়ে যোগদান করেন তিনি। এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
নতুন নির্বাহী চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে বিডার কর্মকর্তারা একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিডার সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। সভায় বিডার কর্মকর্তাদের সাথে পরিচিত হয়ে বিডায় প্রথম কার্যদিবসের আনুষ্ঠানিক সূচনা করেন বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থাটুকু রেখে আমাকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেটার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি তাঁর সম্মান রক্ষার সর্বাত্মক চেষ্টা করব। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক অবস্থান, তার পেছনে বিডার একটি বড় ভূমিকা আছে বলে মনে করি।
১৬ অক্টোবর তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন সিরাজুল ইসলাম। পরের বছর ২৮ মার্চ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বিভক্ত হলে তিনি নতুন বিভাগের সচিব হন।
সেখানে থাকাবস্থায় একইবছর ১৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি। এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব থাকাকালে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ পান সিরাজুল। পরে তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সিরাজুল ইসলাম ১৯৮৩ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। মাঠ পর্যায়ের পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয় ও সেতু বিভাগে বিভিন্ন দায়িত্বে ছিলেন।
তিনি যুক্তরাষ্ট্র থেকে এমবিএ ও কানাডা থেকে প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বিডা গঠনের পর ২০১৬ সালের সেপ্টেম্বর প্রথম নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কাজী মো. আমিনুল ইসলাম। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ছিলেন।সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














