বেকারি শিল্প উদ্যোক্তাদের পাশে থাকবে বিএসটিআই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-১৬ ১৯:২৩:২২
নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসাইন।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০১৯) এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত ‘বেকারি শিল্পে নিরাপদ খাদ্য উৎপাদনে বিএসটিআই এর ভূমিকা’ শির্ষক সেমিনারের প্রধান অতিথির বক্কভ্য তিনি এ কথা জানান।
তিনি জানান, জাতীয় শিল্পনীতি ২০১৬ এ কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প-কে উচ্চ অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ শিল্পের টেকসই বিকাশ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুণগত ও নিরাপদ কাঁচামাল ব্যবহার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, আধুনিক উৎপাদন ও প্যাকেজিং প্রযুক্তি আত্তীকরণ এবং উদ্যোক্তা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন।
সেমিনারটিতে বেকারি শিল্পের ৭৫জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা বিএসটিআই সনদের প্রয়োজনীয়তা ও প্রাপ্তির পদ্ধতি, বেকারি শিল্পের জন্য প্রযোজ্য স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সার্টিফিকেশন পদ্ধতি, সংশ্লিষ্ট ফি, নবায়নসহ প্রভৃতি বিষয়ে প্রাথমিক ধারণা পান। সেমিনার শেষে এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বেকারি শিল্পে সঠিক উৎপাদন রীতি অনুশীলন’ প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সনদপত্র প্রদান করা হয়। সেমিনারটিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এসএম আবু সাঈদ, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














