আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১২:৩৭:০৩
বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। অন্যদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যকর্ম বন্ধ থাকবে।
তবে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ ছাড়া সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন সাহা যুগান্তরকে বলেন, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামী শনিবার সকাল থেকে বাংলাদেশ মাছ আমদানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সিদ্ধান্ত নিয়ে ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানায়।
২১ সেপ্টেম্বর সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা যুগান্তরকে জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ যুগান্তরকে জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














