ঢাকায় ফার্নিচার মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১৬:১৬:৩৫


ঢাকায় শুরু হল পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা। বসুন্ধরা সি?টির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজন করে।

২১ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব আবু হেনা মোর্শেদ জামান, ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আকতারুজ্জামান, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান এবং মহাসচিব মো. ইলিয়াস সরকার।

অনুষ্ঠানে জানানো হয়, ১৬তম এ মেলায় ৩১টি প্রতিষ্ঠানের মোট ১৮১টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে শুধু দেশে নির্মিত ফার্নিচার বিক্রি হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশমূল্য নেই। এছাড়াও কেনাকাটায় বিশেষ মূল্য ছাড় থাকছে। আজ বুধবার ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য একটি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণের জন্য ওইদিন দুপুর ২টায় মেলায় এসে নিবন্ধন করতে হবে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার।

আয়োজকরা জানান, মানুষের বসবাসের জন্য অন্যতম উপকরণ হল ফার্নিচার। কিন্তু সময়ের অভাবে বিভিন্ন মার্কেটে গিয়ে নানা ডিজাইনের ফার্নিচার খোঁজা সবার পক্ষে সম্ভব হয় না। তাই নতুন নতুন ডিজাইনের ফার্নিচার স্বল্পমূল্যে পেতে এই আয়োজন। তারা বলেন, ইতিমধ্যে বিশ্বমানে পৌঁছেছে বাংলাদেশের ফার্নিচার। পণ্যটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রফতানিও হচ্ছে। প্রতিদিনই বিস্তার হচ্ছে এ শিল্প। আর এই শিল্প বিকাশে সরকারের আরও পৃষ্ঠপোষকতা জরুরি।
সানবিডি/ঢাকা/এসএস