‘চাইলে আশপাশের দেশকেও খাওয়াতে পারি’

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৪ ১৮:০১:৫০


কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হলেও সেই ঝুড়িটা এখন ভরপুর হয়ে উপচে পড়ছে। আমরা এখন চাইলে আশপাশের দেশকেও খাওয়াতে পারি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িতে ‘আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন সচিব।।

কৃষি সচিব বলেন, ভুটান বাংলাদেশ থেকে ৭০ হাজার টন ধান আমদানি করতে চায়। শুধু তাই নয়, সে দেশের স্কুলে মিড ডে মিলের জন্য আরও ৭০ টন জিংকসমৃদ্ধ চাল আমদানি করতে চায়। সম্প্রতি ভুটান সফরে গেলে সে দেশের পররাষ্ট্র ও কৃষিমন্ত্রী তাকে বাংলাদেশ থেকে চাল আমদানির এ প্রস্তাব দেন।

তাদের প্রস্তাবটি কৃষিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভুটানসহ অন্যান্য দেশে চাল রফতানি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাসিরুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২০১৫ সালে প্রতি হেক্টরে উৎপাদন আছে ২.৬৬ টন।

তিনি বলেন, আমরা এ লক্ষ্য অর্জনে তিন ফসলি জমি চার ফসলি করার পরিকল্পনা নিয়েছি। আমরা চাই লাভজনক ও নিরাপদ কৃষি। এ নিয়ে কাজ চলছে।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা রাখেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মো. ইউসুফ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ, অধিদফতরের পরিচালক চণ্ডীদাস কুণ্ডু ও কৃষিবিদ জাকির হাসান।

সানবিডি/ঢাকা/এবিএস