আবারও অনাকাঙ্খিত ঘটনা, ট্রান্সফরমার চুরি নোবিপ্রবি-তে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৭ ১৪:৩০:৫৬


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্যরা।

তারা জানান, শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ক্যাম্পাসের মেইনগেটে দায়িত্বরত আনসার সদস্যদের হাতে ধরা পড়ে দূর্বৃত্তরা। এ সময় তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাকে মারধর করে ট্রান্সফরমারটি নিয়ে পালিয়ে যায় তারা।

এতে বিশ্ববিদ্যালয়েরও একাধিক শিক্ষার্থী জড়িত থাকার খবর পাওয়া গেছে।

এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং প্রক্টরকে বিষয়টি জানালে প্রায় আধাঘন্টা পরে আবার ট্রান্সফর্মারটি ফিরেয়ে দিয়ে যায় তারা।

বিশ্ববিদ্যালয়ের কর্মরত আনসার ফোর্সের প্রধান (পিসি) মো. হানিফ বলেন ‘ঘটনার সাথে সাথে আমরা প্রশাসনকে জানিয়েছি, এর বেশি কিছু আমি বলতে পারব না।’
নাম না প্রকাশ শর্তে একজন আনসার সদস্য জানান, ঘটনার পরপরই তাদের পিসি সহ মারধরের শিকার আনসার সদস্যদের হুমকি দিচ্ছে ঘটনার সাথে জড়িতরা। জড়িতরা ছাত্রনেতা হওয়ায় কেউই মূল ঘটনা সম্পর্কে কথাবলছে না।

তিনি আরো বলেন, এর আগেও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশে বাধা দেয়া সহ নানা কারনে আনসার সদস্যদের মারধর করা হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো শাস্তি না দিয়ে প্রতিবারই সমঝোতা করার চেষ্টা করেছে।

প্রসঙ্গত, এর আগে পবিত্র ইদ-উল-আজহার ছুটিতেও বিশ্ববিদ্যালয়ে একটি এলইডি টিভি চুরির ঘটনা ঘটে।

সানবিডি/ঢাকা/এবিএস