১৫ টাকায় রিং শাইন টেক্সটাইলের লেনদেন শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১২ ১১:১৮:৫১
রিং শাইন টেক্সটাইলের শেয়ার প্রথম দিন শুধুমাত্র ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ১৫ টাকায় লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সার্কিট ব্রেকার নিয়ে রিং সাইনের লেনদেন শুরু হয়েছে। ১০ টাকা ইস্যু মূল্যের শেয়ারটির প্রথমদিন সর্বোচ্চ ৫০ শতাংশ বা ৫ টাকা বাড়ার সুযোগ রয়েছে। আর এদিন রিপোর্ট লেখা পর্যন্ত সর্বোচ্চ দরেই শেয়ারটি লেনদেন হচ্ছে।
দ্বিতীয় দিনও রিং সাইনের শেয়ারের ৫০ শতাংশ দর বৃদ্ধির সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে প্রথমদিনের ক্লোজিং প্রাইসের বিবেচ্য হবে। অর্থাৎ প্রথমদিন ৫০ শতাংশ বেড়ে ১৫ টাকা হলে, দ্বিতীয় ওই মূল্যের উপর ৫০ শতাংশ বা ৭.৫০ টাকা বৃদ্ধির সুযোগ থাকবে। এরপরে যথারীতি ১০ শতাংশ সীমা থাকবে।
গত ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক নির্দেশনায় যেকোন নতুন শেয়ারের লেনদেনের প্রথমদিনে সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্ত জানিয়েছে। ওই নির্দেশনায় জানানো হয়েছে, নতুন শেয়ারে ইস্যু মূল্যের উপর প্রথম দিন ৫০ শতাংশ সার্কিট ব্রেকার (উত্থান-পতন সীমা) কার্যকর হবে। দ্বিতীয় দিনও ৫০ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে। তবে দ্বিতীয় দিনের ৫০ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ হবে আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে। এরপরে যথারীতি আগের নিয়মে ১০ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।
লেনদেনের প্রথম দিনে কোম্পানির শেয়ারে অস্বাভাবিক উত্থান হওয়ায় ডিএসই কর্তৃপক্ষ প্রথমদিনে সার্কিট ব্রেকার চেয়ে কমিশনে প্রস্তাব করেছিল। এরই আলোকে কমিশন লেনদেনের প্রথম দিনেই সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্ত নেয়। কারন ওই অস্বাভাবিক উত্থান পরবর্তীতে স্বাভাবিকভাবেই কমে যায়। এতে একটি পক্ষ লাভবান হলেও আরেকটি পক্ষকে লোকসান গুণতে হয়।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














