ই-কমার্সে ভালো করবে ডেফোডিল কম্পিউটারস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৪ ১১:২১:২০


ডেফোডিল কম্পিউটারস লিমিটেড নিজস্ব ব্র্যান্ডের মোবাইল বন্ধ করে একটি ই-কমার্স সাইট চালু করেছে এবং খুবই ভালো করবে বলে আশা প্রকাশ করেন ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা সবুর খান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ধানমন্ডির সোবহানবাগ  ড্যাফোডিল টাওয়ার-৫ এর ৭১ অডিটোরিয়ামে কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোবাইল বাজারজাতকরণ থেকে ফিরে আসার ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ইতিমধ্যে বিশ্বের নামিদামি কোম্পানি গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে নোকিয়া এইচটিসির মতো ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি মোবাইল বাজারজাতকরণ নিয়ে অগ্রসর হই তাহলে পরিসংখ্যান করে দেখা গেল আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। সেজন্য আমরা মোবাইল বাজারজাতকরণ বন্ধ করে ই-কমার্স এর দিকে এগিয়ে যাচ্ছি। ই-কমার্স ভালো করবে বলে আমি আশা করি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ অনুমোদন করা হয়।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১টাকা ৪৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩ টাকা ৮৪ পয়সা।

এজিএমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সায়মা খান, মোহাম্মদ ইমরান হোসাইন, স্বতন্ত্র পরিচালক গোলাম মনোয়ার কামাল, কোম্পানির সেক্রেটারি মনির হোসাইন এবং সিএফও জহির উদ্দিন প্রমুখ।

সানবিডি/এসকেএস/এসআই