ডিএসইর প‌রিচালক নির্বাচনে চলছে ভোটগ্রহন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২৯ ১১:২৬:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা স্ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দু’টি পরিচালক পদে লড়ছেন তিনজন। তাদের মধ্য থেকেই দু’জন জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচিতরাই ডিএসই’র পরবর্তী পরিচালনা পর্ষদের সদস্য হবেন। এবা‌রের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৫৯ জন।

রোববার সকাল ১০টা থে‌কে রাজধানীর মতিঝিলে ডিএসই’র পুরাতন ভবনে এ ভোটগ্রহণ শুরু হ‌য়ে‌ছে। খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম রসূল প্রথম ভোট দিয়ে ডিএসই’র ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন। এদিন বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে ডিএসই’র ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দাফতরিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে যে তিনজন অংশ নিচ্ছেন তারা হলেন- জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী ও ডেসা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।

‌বিধি অনুসারে যে দু’জন পরিচালক অবসর নেবেন তারা হলেন- এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান এবং র‍্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া।

প্রসঙ্গত, ডিএসই’র এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- ডিএসই’র ট্রেকহোল্ডার মনজুর উদ্দিন আহমেদ ও হারুনুর রশিদ।

সানবিডি/এসকেএস