বাণিজ্যমেলায় পাটপণ্যে আগ্রহী ক্রেতারা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-০৯ ১২:১২:০০
কৃষকের সোনালী আঁশ পাট দিয়ে ব্যাগ, জুতো, মানিব্যাগ, ফাইল ব্যাগ, পেন হোল্ডার, গয়না বক্স, ঘরের ব্যবহৃত কার্পেটসহ কি না তৈরি হচ্ছে। বলতে গেলে পাট থেকে এখন সবই তৈরি হয়। আর পাটের তৈরি এমনসব বাহারী জিনিসপত্র দিয়েই সাজানো হয়েছে বহুমুখী পাটপণ্যের স্টল।
চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) স্টলটিতে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে৷ বিক্রি খুব ভালো বলে বিক্রেতারা জানিয়েছেন। আর সংস্লিষ্টরা বলছেন, পাটের প্রতি সবার আবেগ আছে। এখন দরকার পাট পণ্য ব্যবহারের প্রতি মায়া।
মেলার মূল ফটক দিয়ে ঢুকে হাতের বাম পাশে এগোলে দেখা মিলবে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) স্টল (রিজার্ভ প্যাভিলয় আরপি-৫)। প্যাভিলিয়নে অংশ নেওয়া সোনারগাঁও জুট এন্ড ইন্ডাস্ট্রির মার্চেন্ডাইজার আরিফুল ইসলাম আফ্রি বলেন, আমাদের প্রতিষ্ঠান মূলত বিভিন্ন দেশে পাটপণ্য রফতানি করে থাকে। ইউরোপের বাজারে আমাদের পণ্য বেশি রফতানি হয়। মেলায় আমাদের প্রধান টার্গেট সবাই যেন অন্তত একটি পাটের ব্যাগ কিনে নেয়। আমাদের লক্ষ্য পাটের প্রতি সবার মায়া বাড়ুক। এ টার্গেটকে সামনে রেখে আমরা স্বল্পমূল্যে পাটপণ্য বিক্রি করছি।
তিনি বলেন, আমরা সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৪৫০ টাকায় ব্যাগ বিক্রি করছি। পাটের প্রতি সবার আবেগ আছে। এখন শুধু পাট পন্য ব্যবহারের প্রতি মায়া জন্মাতে হবে।
আরেকটি স্টল এ সিক্সর এর কর্মচারী সানজিয়া বলেন, আমরা এখানে ব্যাগ, কুশন কাভার ও ছোট খাটো জুয়েলারি প্রদর্শন ও বিক্রি করছি। দেশে আমাদের কোন আউটলেট নেই। মূলত আমরা শুধু বাইরে পণ্য রফতানি করে থাকি। এখানে আমাদের পণ্য শুধুমাত্র ক্রেতাদের দেখানোর জন্যে এনেছি।
বহুমুখী পাটপণ্যের প্যাভিলিয়নে ব্যাগ বাজারের স্টলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ২ হাজার টাকায় বাহারী রঙের বিভিন্ন ধরণের ব্যাগ বিক্রি হচ্ছে। স্টলের বিক্রয়কর্মী তানজিলা বলেন, দর্শনার্থীরা আসছেন। অনেকেই পাটের ব্যাগও কিনে নিচ্ছেন। তবে তুলনামূলকভাবে বিক্রি কম।
পাট পণ্যের আরেকটি স্টল কারুকাজ জুট প্রডোক্টসে লেডিস ব্যাগ, ফরমাল ব্যাগ, লেডিস শো, কার্ড হোল্ডার, মানিব্যাগ ও ছেলেদের স্লিপার বিক্রি হচ্ছে। এই প্রতিষ্ঠানটির একজন উদ্যোক্তা সাবিনা জামান রুপা বলেন, বেচাকেনা ভালোই। মেলার প্রথম দিক হিসেবে ঠিক আছে। তিনি জানান, তাদের স্টলে ৮৫০ থেকে শুরু হয়ে ১৬০০ টাকায় ব্যাগ বিক্রি হচ্ছে। মেয়েদের জুতোর দাম সাড়ে ৫০০ টাকা থেকে শুরু হয়ে ১ হাজার টাকা। আর ছেলেদের ৫৫০ টাকা থেকে শুরু ৮৫০ টাকা।এদিকে, পাটকল কর্পোরেশনের স্টলে পাটের হার্ডবোর্ড ও ট্রে বিক্রি হচ্ছে। হার্ডবোর্ডের দাম পড়বে ১২০ টাকা। আর ট্রে আকারভেদে দাম ২৫০ থেকে ৫০০ টাকা। এই স্টলেই বিক্রি হচ্ছে পাট থেকে তৈরি পলিথিনের ন্যায় সোনালী ব্যাগ। প্রতি পিস সোনালী ব্যাগের দাম রাখা হচ্ছে ১০ টাকা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














