একে একে ৫ সন্তানকে বিক্রি করলেন মা!
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১১:৫৩:২৭
সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের আঁচল।সেই মা যখন নাড়িছেঁড়া ধন সন্তানকে বিক্রি করে উপার্জন করেন – এমন কথা কার বিশ্বাস হবে! আবার একজন নয়, একে একে পাঁচ সন্তানকে বিক্রি!
এ চাঞ্চল্যকর ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে এ ঘটেছে বলে জানিয়েছে জিনিউজ।
জানা গেছে, মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে নিজের তিন মাসের পুত্রসন্তানকে বিক্রি করে দেন জলপাইগুড়ির মহামায়াপাড়ার বাসিন্দা বাবলি দাস।
স্থানীয়দের অভিযোগ, ছয় সন্তানের মা বাবলি এর আগে আরও চার সন্তানকে বিক্রি করেছেন বাবলি।
নতুন সন্তানের মা হওয়ার পর সে কারণে কিছুদিন আগে থেকেই বাবলির ওপর নজর রাখা শুরু করেন এলাকাবাসী। দেড় মাস জলপাইগুড়িতে ছিলেন না বাবলি। এলাকার বাসিন্দাদের চোখকে ফাঁকি দিতে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন তিনি।
অভিযোগ, শ্বশুরবাড়িতে থেকেই সন্তান বিক্রির কথাবার্তা চূড়ান্ত করে বাবলি। এলাকারই বাসিন্দা ভোলা সিংয়ের মাধ্যমে ইসলামপুরে নিজের সন্তানকে বিক্রি করেন তিনি।
শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ জানান স্থানীয়রা। ঘটনা তদন্তে নেমেছে থানা পুলিশ।
এ ঘটনার পেছনে বড় কোনো চক্র আছে কিনা জানতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে অন্যতম অভিযুক্ত ভোলা সিংকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














