দিনাজপুরে গড়ে উঠেছে বিষমুক্ত সবজির বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১৭:৩৮:৩৯


উত্তরাঞ্চলের কৃষি সমৃদ্ধ জেলা দিনাজপুরে কৃষি বিভাগের সহায়তায় বিভিন্ন জায়গায় বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। বিষমুক্ত এসব সবজি বিক্রির জন্য গড়ে উঠেছে ‘কৃষকের বাজার’। কৃষকরা ক্ষেত থেকে সবজি সরাসরি সেখানে নিয়ে যান। ফলে দাম বেশি পাচ্ছেন তারা। পর্যায়ক্রমে পুরো জেলায় চাষীদের বিষমুক্ত সবজি আবাদে উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় দুইটি করে গ্রামে নিরাপদ সবজি চাষ করা হচ্ছে। পোকামাকড় দমনে কীটনাশকের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরণের ফাঁদ ও জৈব সার। এই সবজি চাষে কৃষকদের তদারকি করছে কৃষি বিভাগ।

নিরাপদ শাক-সবজি বিক্রির জন্য শহরের রেলবাজারে গড়ে উঠেছে ‘কৃষকের বাজার’। সরাসরি এই বাজারে এনে বিক্রি করায় দাম কিছুটা বেশি পাচ্ছেন কৃষকরা।

কৃষি বাজারে বিষমুক্ত এবং টাটকা সবজি পেয়ে খুশি ক্রেতারাও। এছাড়া কৃষকদের প্রশিক্ষণসহ সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।

সারা দেশে বিষমুক্ত সবজি চাষের পাশাপাশি বিপণনের জন্য আলাদা বাজার তৈরী করা গেলে কৃষক লাভবান হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

সানবিডি/এনজে