কোয়ারেনটাইনে না থাকায় সৌদি প্রবাসীর অর্থদণ্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১২:২২:০৭
কোয়ারেনটাইনে না থাকায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোয়ারেনটাইনে থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
গতকাল রোববার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সাটুরিয়া ইউনিয়নের ভ্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে লাল মিয়া (৪০)। তিনি গত ৬ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকতে বলেছে। হোম কোয়ারেনটাইনে থাকাকালীন বাড়ির বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন।’
এ বিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশুনা ও তত্ত্বাবধান করানো হচ্ছে বলেও জানান আশরাফুল আলম।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













