নওগাঁয় খাদ্য অধিদপ্তরের ১৮০ বস্তা গম উদ্ধার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৮ ১৩:৩৮:০১
নওগাঁর পোরশা উপজেলায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৮০ বস্তা গম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নিতপুর পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের রশিদ গোয়ালের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক্টরসহ ১৮০ বস্তা গম উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কে বা কারা কালোবাজারে বিক্রির জন্য রাতের আধারে একটি ট্রাক্টরে গম ভর্তি করছে। খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে গম বোঝােই একটি ট্রাক্টর পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই।’
আটককৃত গমের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশপাশের কয়েকটি বাড়ি তল্লাশি করে দেখেছি কিন্তু সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। পরে গম বোঝাই ট্রাক্টরটি থানায় নিয়ে গণনা করে দেখা যায়, ১৮০ বস্তা (৯ টন) গম রয়েছে। সবগুলো বস্তাতেই খাদ্য অধিদপ্তরের সিল মারা রয়েছে।’
নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) মো. আব্দুল মতিন জানান, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় ১৮০ বস্তায় গম আটকের পর রোববার রাতেই ইউএনও খাদ্য গুদামে উপস্থিত হয়ে গমের এবং খালি বস্তার হিসাব নিয়েছেন। এতে কোনো গড়মিল তিনি পাননি।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে ১৮৩ দশমিক ৬৫০ মেট্রিক টন এবং পূর্বের ১৬ দশমিক ৬৫০ মেট্রিক টন গম নিতপুর খাদ্য গুদামে মজুদ আছে। আর বস্তার মজুদ আছে ১০ হাজার ৩৫টি। খাদ্য গুদামের হিসাবে, গমের মজুদ এবং বস্তার মজুদে কোনো গড়মিল নাই।
এদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, জব্দকৃত ১৮০ বস্তা গম ও ট্রাক্টর থানা পুলিশের হেফাজতে আছে। এজাহার পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













