ভোলায় ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ সফিক নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-০৯ ১২:৫৪:১৬


ভোলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সফিকুল ইসলাম সফিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত সফিক জলদস্যু বাহিনীর সদস্য। এ সময় একটি ঘটনাস্থল থেকে একটি শুটারগান, চারটি রামদা ও তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ফেরিঘাটের উত্তর পাশে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, গত বছরের নভেম্বরে মেঘনা নদীতে বালুবাহী কার্গোজাহাজ ডাকাতিকালে একজনকে হত্যা ও কয়েকজনকে অপহরণ করে অর্থ আদায়ের নেতৃত্বে ছিল এই সফিক।

ফেরিঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি গুলির শব্দ পেয়ে ইলিশা পুলিশ ও ভোলা থানা পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় সফিক বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও চার রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি চালায়।

একপর্যায়ে গুলিবিদ্ধ সফিকের মরদেহ ফেলে ওই বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস