পাহাড় থেকে ৩৫০টি ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৬-২৪ ২৩:২৮:০১


চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী, জালালাবাদ ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ দল।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তাঁরা হলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার, তৌহিদুল ইসলাম ও মামুন আহমেদ অনিক।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ এবিষয়ে বলেন, করোনাকালে প্রশাসন যখন করোনা প্রতিরোধে ব্যস্ত তখন নগরের উত্তর পাহাড়তলী, জালালাবাদ ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার পাহাড়ের ঢালে ও পাদদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য স্থাপনা তৈরি করা হয়। প্রতিবছর এসব জায়গায় পাহাড় ধ্বসে অনেক মানুষ মারা যায়। সম্মানিত জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব মোহাম্মদ ইলিয়াস হোসের স্যারের সার্বিক দিক-নির্দেশনায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, সিডিএ, বিদ্যুৎ বিভাগ, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৩৫০ স্থাপনা উচ্ছেদ করা হয়। হাটহাজারীর জালালাবাদ মৌজায় প্রায় ১০০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে সরকারি কাজে বাধা প্রদান করায় ঘটনাস্থলে ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।