শরীয়তপুরের তারাবুনিয়ায় পদ্মার ভাঙ্গনে নদী গর্বে দোকানপাট

:: আপডেট: ২০২০-০৬-৩০ ১৫:০৬:১৯


শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে পদ্মার আকস্মিক ভাঙ্গনে ৫টি দোকান আংশিক মালামালসহ নদীতে ডুবে গেছে। সোমবার দুপুর ১২ টার দিকে চেয়ারম্যান স্টেশন ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় আরও ১০-১৫টি দোকান ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়রা বলছে, বর্ষার কারনে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ও তীব্র স্রোতের কারনে এ ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পরপরই স্থানীয় সাংসদ ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের নির্দেশে ভাঙ্গন কবলিত এলাকাটি পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব ও ভেদরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ। ভাঙ্গন ঠেকাতে আগামীকালের মধ্যে জিওব্যাগ ফেলা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় চেয়ারম্যান ইউনুস সরকার বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ করে স্টেশন বাজার এলাকায় ভাঙ্গন শুরু হয়। এ সময় ৫টি দোকানসহ প্রায় ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। এর মধ্যে মুরগীর দোকান, চায়ের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। হঠাৎ এ ভাঙ্গনের ফলে স্থানীয় জনগনের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তবে আমাদের নেতা পানি সম্পদ উপমন্ত্রীর নির্দেশে ইমার্জেন্সি জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু করায় তার প্রতি আমরা কৃতজ্ঞ।

এ বিষয়ে শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ভাঙ্গন যাতে আর বৃদ্ধি না হয় সেহেতু আগামীকাল থেকেই ঐ এলাকায় জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে।