নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ
শরীয়তপুরে ১৮ জনকে জরিমানা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৭-০৫ ২২:১৯:০৯
কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৮ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ তাদের এই জরিমানা করেন। এসময় মাস্কবিহীন নিম্নআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের ন্যায় শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এ সময় দোকান, শপিংমল সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন্যূনতম ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
এছাড়া, সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত রোভার স্কাউটের একটি দল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত রাখা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













