করোনায় এক মাসের ব্যবধানে দুই সচিবের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-২১ ২২:০৪:৩০
করোনা মহামারিতে এক মাসের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন সরকারের দুই সচিব। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৯ জুন করোনায় আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী মারা গেছেন।
নরেন দাস: আজ মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।
আবদুল্লাহ আল মহসিন চৌধুরী:
মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ হন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী।বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে তাকে সিএমএইচে নেওয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। দুই সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় গত ২৯ জুন সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন আবদুল্লাহ আল মহসীন। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৮৮ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













