দুদিন পর ঈদ ভিড় নেই গাবতলী বাস টার্মিনালে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২৯ ২১:০১:৩৭
ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি অথচ ভিড় নেই গাবতলী বাস টার্মিনালে। প্রতি বছর এই সময় গ্রামের বাড়ি ফিরতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এবার চিত্র একেবারেই আলাদা। গাবতলী বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের ভিড় নেই। সকাল থেকে আন্তঃজেলা বাস কাউন্টারগুলোতে টিকিট নিয়ে গলা ফাটিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না। বড় পরিবহনগুলোতে অনলাইনে টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।
আাজ বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীদের কোনো ভিড় নেই। প্রতিবারের মতো বসানো হয়নি কোনো নিরাপত্তা ওয়াচ টাওয়ার। ঈদের আর মাত্র দুই বাকি থাকলেও বসেনি কোনো নিরাপত্তা বাহিনীর বুথ। অন্যান্য বছর ঈদের আগে এ সময় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার কাউন্টারের লোকেরা ডাকাডাকি করেও টিকিট বিক্রি করতে পারছেন না। গাবতলী বাস টার্মিনালে একরকম যাত্রীশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে।
সোহাগ কাউন্টারের টিকিট বিক্রেতা সোলায়মান বলেন, করোনা পরিস্থিতির কারণে কম লোকই ঈদে বাড়ি যাচ্ছে। অন্যান্য ঈদে এ সময়ে প্রতিদিন ২০টি গাড়ি ছাড়লেও সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র তিনটি গাড়ি ছেড়েছে। টিকিট বিক্রি হলে তবে নতুন করে গাড়ি ছাড়া হবে। আগামীকাল বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














