বাংলাদেশ থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী নিতে চায় ইরান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০১ ১৭:০০:৫৩


বাংলাদেশে উৎপাদিত চা, পাট, আম, মসলাসহ আরো বিভিন্ন ধরণের খাবার ও ‍শাকসবজি নিতে চায় ইরান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত ইরান থেকে বাংলাদেশে খেজুর, গম, পেঁয়াজ, কিসমিস প্রভৃতি রপ্তানির আগ্রহও ব্যক্ত করেন।

সচিবালয়ে এই সাক্ষাৎকালে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, এগ্রো ফুড প্রসেসিং ও প্যাকেজিং, জলবায়ু অভিঘাতসহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন ও গবেষণা, বাণিজ্য নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এ ব্যাপারে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতে বাংলাদেশ সরকার গুরুত্বারোপ করছে। এসময় কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে ইরানে আম, আনারসসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজি রপ্তানির এবং ইরান থেকে গম ও পেঁয়াজ আনার আগ্রহ ব্যক্ত করেন।

এসময় কৃষিমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে অনুরোধ জানান। ইরানের রাষ্ট্রদূত জানান, ইরানে তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর বলেন, বাংলাদেশ সরকারের যুগোপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের ফলে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে, যা খুবই প্রশংসনীয়।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইরানের কৃষিক্ষেত্রসহ অনেক বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়া, দুদেশের বেসরকারি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরও পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য খাত চিহ্নিত করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উদ্যোগ নেওয়া যেতে পারে।

সানবিডি/এনজে/৫:০০/১.১০.২০২০