মার্কিন স্কুলে ৩ লাখ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১০-০৩ ১০:৫৮:৩৬


মার্কিন যুক্তরাষ্ট্রে এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ২৮৫ জন স্কুল শিক্ষার্থী। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের চার শতাংশই স্কুল শিক্ষার্থী। এদের মধ্যে যাদের বয়স ৫ থেকে ১১ তাদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে। বসন্তকালে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালে তা কমে যায়।

এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ হাজার ২৪০ জনকে। এর মধ্যে ৪০৪ জনকে রাখা হয়েছিল আইসিইউতে। এছাড়া ৫১ স্কুল শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল তাদের অবস্থায় বেশি গুরুতর হয়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

 

সানবিডি/নাজমুল/১০:৫৭/০৩.১০.২০২০