পদ্মা নদীতে ৮ দিন পর মিলল ভাইবোনের লাশ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০৩ ১১:৩৯:১৭
রাজশাহীর হারুপুর নবগঙ্গায় পদ্মা নদীতে ১৩ ভ্রমণ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থী (ভাই-বোনের) গলিত লাশ আট দিন পর ঘটনাস্থলে ভেসে উঠেছে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করেছেন।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার বিষয়ে জানান, নৌকাডুবিতে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র রিমন এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনার গলিত লাশ আজ (৩ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলেই ভেসে ওঠে। তারা একে অপরের খালাতো ভাইবোন। খবর পেয়ে তাদের মামা এসে লাশ দুটি চিহ্নিত করেছেন।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর বিকেলে পদ্মা নদীতে বেড়ানোর সময় ১৩ যাত্রী নিয়ে নবগঙ্গা এলাকায় একটি ছোট্ট নৌকা ডুবে যায়। এ সময় ১১ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অপর দুজন নিখোঁজ হন। তিন দিন উদ্ধার অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের উদ্ধার করতে পারেননি।
সানবিডি/নাজমুল/১১:৩৫/০৩.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













