কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-০৩ ১৪:১৮:০১


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও এক নারী যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যান এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

সানবিডি/নাজমুল/১:২২/০৩.১০.২০২০