স্বামীকে বেধেঁ গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের আসল আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০৫ ১০:৫৪:১৪


নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার আসল আসামি বাদলকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, বাদলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের ঘটনার এক মাস পর রোববার সকাল থেকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একলাশপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আটকরা হলেন- একলাশপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়া বাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. রহীম ও একই এলাকার মোহর আলী মুন্সি বাড়ির আব্দুর রহিমের ছেলে মো. রহমত উল্যাহ।

বেগমগঞ্জ থানার ওসি মো.হারুন উর রশীদ জানান, পুলিশের পাঁচটি ইউনিট ৭ ঘণ্টা অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। অপরদিকে, ভয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা গৃহবধূকে সদর উপজেলার মাস্টার পাড়ার তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় গৃহবধূর ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে ধর্ষণ ও শ্লীলতাহানি করে স্থানীয় দেলোয়ার ও তার সংঘবদ্ধ বখাটে যুবক দল। ওই সময় গৃহবধূ বাঁধা দিলে তারা তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

সানবিডি/নাজমুল/১০:৫৪/০৫.১০.২০২০