আরো এলাকা দখলমুক্ত করলো আজারি যোদ্ধারা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১১:৩২:৪০


দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান ভয়াবহ ‍যুদ্ধের আজ দশম দিন চলছে।আজারবাইজানের যোদ্ধারা আর্মেনিয়ার দখল থেকে আরও এলাকা মুক্ত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

এ ব্যাপারে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সংবাদে বলা হয়েছে,বিরোধপূর্ণ কারাবাখের কাছে জাবরাইল জেলার তিনটি গ্রাম দখলমুক্ত করা হয়েছে। এই এলাকাটি ১৯৯০ সালে আর্মেনিয়া দখল করে রেখেছিল।

সোমবার রাতে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক টুইটে বলেন, ‘আমাদের গর্বিত সেনাবাহিনী সফল অভিযান চালাচ্ছে। কারাবাখ আজারবাইজানের।’

এর আগে সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সর্বমোট ২২ অধিকৃত বসতি মুক্ত করেছে বাকু। তাদের অধিকৃত অঞ্চলগুলো পুনঃদাবি করে আজারবাইজানের সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা এই সংঘাত ১৯৯০ দশকের সর্বাত্মক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ। ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।

আর্মেনিয়া সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া। আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েরেভানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাবাখে সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজারের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারো স্বীকৃতি পায়নি।

সানবিডি/এনজে/১১:৩২/৭.১০.২০২০