রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানালো ভারত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১২:২৪:৪৬
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক নির্যাতনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা রাখাইন থেকে বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।পালিয়ে আসা এই রোহিঙ্গাদের দেশটিতে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশের অনুরোধের পটভূমিতে ভারতের পররাষ্ট্র সচিব ও সেনাপ্রধান তাদের সদ্যসমাপ্ত মিয়ানমার সফরে রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিতে সে দেশের নেতৃত্বকে সরাসরি আহ্বান জানিয়েছেন বলে জানা যাচ্ছে। নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগেই অন্তত কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হোক বলেও ভারত বৈঠকে প্রস্তাব দিয়েছে।
ভারতের বর্তমান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে একসঙ্গে এক বিরল সফরে গত রবিবার (৪ অক্টোবর) মিয়ানমারের রাজধানী নেইপিদো গিয়েছিলেন, দুদিনের সফর শেষে তারা সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লিতে ফিরে এসেছেন। মিয়ানমারের নেত্রী তথা স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং সে দেশের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অং মিন লেইং-র সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে তাদের বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে
সফরে তাদের সকল বৈঠকের এজেন্ডায় এমন একটি বিষয়ও ছিল, যাতে বাংলাদেশের স্বার্থও যুক্ত। আর সেটি হলো রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন। বস্তুত গত সপ্তাহেই বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠকেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন দিল্লিকে অনুরোধ করেছিলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে রাজি করাতে ভারত যেন তাদের ‘প্রভাব খাটায়’। শ্রিংলা ও জেনারেল নারাভানের মিয়ানমার সফরে বাংলাদেশের সেই অনুরোধেরও মর্যাদা দেওয়া হয়েছে।
সানবিডি/এনজে/১২:২৪/৭.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














