ভারত সীমান্তে চীনের ৬০ হাজার সেনা মোতায়েন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১১ ২১:৪৪:৫৩


সাম্প্রতিক সময়ে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের উত্তর সীমান্তে সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন দাবি করেছেন। বেইজিংয়ের বিরুদ্ধে নয়াদিল্লির লড়াইয়ে ওয়াশিংটনকে পাশে প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। খবর পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

চীনের এই আগ্রাসী কর্মকাণ্ডকে ‘বাজে আচরণ’ উল্লেখ করে পম্পেও বলেন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত ‘কোয়াড’-এর জন্য তা বড় হুমকি বলে মনে করেন তিনি।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এ প্রথম গত মঙ্গলবার ‘কোয়াড’ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাপানের টোকিওতে ওই বৈঠক শেষে ফেরার পর পম্পেও বলেছেন, আমরা যেটাকে কোয়াড বলে ডাকি তার সদস্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বিশ্বের চারটি বৃহৎ গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্তির জন্য চীনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমেই বিপজ্জনক হিসেবে দেখা দিচ্ছে।

সানবিডি/এনজে/৯:৪৩/১০.১১.২০২০