বাংলাদেশ থেকে রফতানি
৫৯ কোটি ডলারের কম পোশাক কিনেছে যুক্তরাষ্ট্র
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-১৩ ১৫:১৬:৫৬
বর্তমান সময়ে বাংলাদেশের মোট রফতানির সিংহভাগ আসে পোশাক খাত থেকে।এই পোশাক রফতানির একক বাজার হিসেবে সিংহভাগই যায় যুক্তরাষ্ট্রে।চলতি ২০২০ সালের প্রথম আট মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১৪ দশমিক ৫৬ শতাংশ। এ হিসাবে আট মাসে বাংলাদেশ থেকে ৫৯ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ডলারের পোশাক কম কিনেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) পরিসংখ্যানে দেখা গেছে,চলতি ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৩৪৮ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ডলারের পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪০৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ডলার।
পোশাক রফতানিকারক বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো থেকেও পোশাক আমদানি কমিয়েছে মার্কিন ক্রেতারা। বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৭৭ শতাংশ। আলোচ্য সময়ে ভিয়েতনাম থেকে ৮১৭ কোটি ৬০ লাখ ৪৩ হাজার ডলারের পোশাক কিনেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা।
দেশের পোশাক রফতানিকারকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম সব সময়ই এগিয়ে ছিল। কভিড-১৯ মহামারীর প্রভাবে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সব দেশ থেকেই পোশাক আমদানি কমেছে যুক্তরাষ্ট্রের। আর এ পরিস্থিতি আরো দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সানবিডি/এনজে/৩:১৪/১০.১৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














