১৮ অক্টোবর থেকে পাটকলের শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-১৪ ১৩:১২:৪৬


১৮ অক্টোবর থেকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেয়া শুরু হবে। ওই দিন প্লাটিনাম জুট মিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

একই দিন কার্পেটিং জুট মিলের শ্রমিকদেরও টাকা দেয়া হবে।বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

উদ্বোধনী দিনে প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট নগদ টাকা প্রদানের স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে।

খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমান জানান, খুলনা অঞ্চলের প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিনই শ্রমিকদের পাওনা টাকা দেয়া হবে। ইতোমধ্যে প্লাটিনাম জুট মিলের অর্থছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

সানবিডি/নাজমুল/০১:১০/১৪.১০.২০২০