আলুর দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১৫ ১২:৫৩:২৭
খুচরা পর্যায়ে প্রতিকেজি আলু ৩০ টাকা বেঁধে দেয়া হলেও সেটি বাস্তবায়ন কঠিন। তবে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সরকার। আলু ব্যাবসায়ীরা বর্তমানে প্রতিকেজি আলুতে অন্তত ২০ টাকা লাভ করছেন। এটা একেবারেই অনৈতিক বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন,
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলুর পাশাপাশি গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজির দামও। এতে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। গত কয়েক দিন ধরে বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা ধরে।
এ পরিস্থিতিতে তিন পর্যায়ে এই দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কেজিপ্রতি খুচরা পর্যায়ে ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকা। এই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি কৃষি বিপণন অধিদফতর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে এই ব্যাপারে চিঠি দেয়া হয়েছে।
তারপরও বাজারে আলুর দামে তেমন কোনো প্রভাব পড়েনি। এমনকি আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় ৫০ থেকে ৫৫ টাকা আলু বিক্রি হচ্ছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসআই/১২: ৫৩/১৫/১০/২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














