যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিংয়ের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৫ ২১:১৬:২৬


সেনাবাহিনীদের সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং । চীনের চাওঝৌ সিটিতে মেরিন কোর পরিদর্শনে সেনাদের এমনই নির্দেশ দিলেন তিনি। শি বলেন, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায়মনোবাক্যে সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। খবর জিনহুয়ার।

লাদাখ সীমান্তে ভারত আর চীন এখন প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে প্রেসিডেন্ট শি’র এই বক্তব্য যে ভারতকেই লক্ষ্য করে করা হয়েছে, তা নয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ওদিকে তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের অবস্থানের কারণেও যে এটা হতে পারে তা উড়িয়ে দেয়া যায় না।

দক্ষিণ চীন সাগরে চীন তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। একই অঞ্চলে একই রকম দাবি করে থাকে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানও।

কোয়াদের সাম্প্রতিক এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে গিয়ে চীনা কমুনিস্ট সরকারের অদক্ষতা ও অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি আরো বলেন, চীনের কমুনিস্ট পার্টির জোর জুলুম ও জবরদস্তি থেকে বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সানবিডি/এনজে/৯:১৫/১০.১৫.২০২০