ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করলো বাহরাইন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৫:৫৫:০২


আরব আমিরাতের পর অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করলো বাহরাইন।বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রতিনিধি দলের উপস্থিতিতে দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।

রোববার ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষর করেছে বাহরাইন ও ইসরায়েল। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর কয়েক দশক ধরেই বেশিরভাগ আরব রাষ্ট্র ইসরায়েলকে বয়কট করে আসছে।

ফিলিস্তিনের সঙ্গে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন দেশই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে জানাচ্ছিল। কিন্তু ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান এবং বাহরাইন ইসরায়েলকে স্বীকৃত দিল।

ফিলিস্তিনিরা এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলছে, এটা তাদের পিঠে ছুরি মারার শামিল। রোববার সন্ধ্যায় মানামায় এক অনুষ্ঠানে বাহরাইন ও ইসরায়েলের কর্মকর্তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি যৌথ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এখন দুই দেশেই দূতাবাস খোলার বিষয়ে একমত প্রকাশ করেছে।

এ ব্যাপারে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে, ওই নথিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে কোনো কিছু উল্লেখ ছিল না। চুক্তি স্বাক্ষরের পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি এক বক্তব্যে বলেন, তিনি দু’দেশের মধ্যে প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা প্রত্যাশা করছেন।

ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিনও উপস্থিত ছিলেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রথম প্রতিনিধি দলের সাথেও তার যাওয়ার কথা রয়েছে।

সানবিডি/এনজে/৩:৫৪/১০.১৯.২০২০