আইসিজে’তে মিয়ানমারের বিরুদ্ধে আবেদন করবে নেদারল্যান্ডস ও কানাডা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-১৯ ১৭:৩১:৫৪


মিয়ানমারের রাখাইনে গণহত্যার শিকার হওয়া রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার সমর্থনে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস এবং কানাডা। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এই অঙ্গীকারের কথা  উল্লেখ করেছেন। চিঠিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী  জানান,  ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডস সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আজ সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৮ অক্টোবর) নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠি হস্তান্তর করেন।

এই সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২০ সালের ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এবং কানাডার যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে গাম্বিয়ার দায়ের করা  মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছিল। এসময় নেদারল্যান্ডস এবং কানাডা এ আদালতে একটি পৃথক যৌথ আবেদন পেশ করবে বলেও জানানো হয়। মিয়ানমারে গণহত্যার বিচার ও তা প্রতিরোধে গাম্বিয়া গত বছর ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনে মিয়ানমারের বিপক্ষে।

সানবিডি/এনজে/৫:৩১/১০.১৯.২০২০