রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি করলো ইরান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ১৪:৩৮:১৮
আয়াতুল্লাহ খামেনীর দেশ ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া এবং চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনার ব্যাপারে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে। এ বিষয়ে কাতারভিত্তিক আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওই দুই দেশের সঙ্গে চুক্তি হয়েছে।
এই চুক্তির বিষয়ে তিনি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রফতানি ও অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তুপে পরিণত হবে। জেনারেল হাতামি বলেন, তার দেশ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের উপর দিয়ে আর্মেনিয়ায় রুশ অস্ত্র বহন করার গুজব জোরালোভাবে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগোরনো-কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।
সানবিডি/এনজে/২:৩৮/১০.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














