সরকারি বেতনে সংসার চলে না ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২০ ১৯:৪৮:৩৩


অবিশ্বাস্য হলেও সত্যি সরকারি বেতনে সংসার চালানো দায় হয়ে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন পান তা খুবই কম। তাতে ঠিকমতো চলে না সংসার। আর তাই পদত্যাগের কথা ভাবছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ফলাও করে এমন খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বরিস মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন খুব কম।

এই বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। অথচ গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে তিনি বর্তমান উপার্জনের চেয়ে অনেক বেশি আয় করতেন। তাই আগামী বসন্তেই পদত্যাগ করার কথা ভাবছেন তিনি।

এমনটাই দাবি করেছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কিছু এমপির। এ খবর প্রকাশ হয়েছে দ্য মিরর ও দ্য মেট্রো।

এই খবরে আরো  বলা হয়েছে, প্রধানমন্ত্রী তার সহকর্মীদের কাছে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার বার্ষিক আয় এক লাখ ৫০ হাজার ৪০২ পাউন্ড। অথচ গত বছর প্রধানমন্ত্রী হওয়ার আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন দুই লাখ ৭৫ হাজার পাউন্ড।

এছাড়া মাসে দুটি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন এক লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি।

তার ছয় ছেলেমেয়ের পড়াশোনা, সাবেক স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় বরিসের। যে কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে এখনই নয়। ব্রেক্সিট সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান এবং করোনাভাইরাস পরিস্থিতি দূর হওয়ার পর সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে হোয়াইট হলের সূত্রগুলো মিডিয়াকে বলেছে, আগামী গ্রীষ্মে পদত্যাগ করতে চান বরিস জনসন। এ জন্য তিনি আর ছয় মাস ক্ষমতায় থাকবেন, যাতে ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন করতে পারেন।

একজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীকে তার ছয় সন্তানকে বছরে খরচ হিসেবে দিতে হয় ৪২ হাজার ৫০০ পাউন্ড। এই খরচ নিয়ে উদ্বিগ্ন জনসন।

সানবিডি/এনজে/৭:৪৮/১০.১৯.২০২০